ডাকসুতে জিন্নাহর ৩ ছবি ভাঙলেন প্রবীণ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভাঙচুর ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে দাবি করেছেন। এর আগে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সবচেয়ে প্রবীণ প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
.png)
জানা যায়, সোমবার দুপুরে নিজের দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসু ভবনের সংগ্রহশালায় যান আবু তৈয়ব হাবিলদার। সেখানে অবস্থানের একপর্যায়ে উত্তেজিত হয়ে মুহাম্মদ আলী জিন্নাহর একটি একক ছবি ভেঙে ফেলেন তিনি। পরে ফ্রেম থেকে ছবিটি বের করে ছিঁড়ে ফেলেন।
এরপর সংগ্রহশালায় থাকা আরও দুটি ছবি মেঝেতে আছড়ে ভাঙেন এবং ফ্রেম থেকে বের করে সেগুলোও ছিঁড়ে ফেলেন।
এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘যা মন চায় তা করতে দেওয়া হবে না। কেন এই খলনায়কের ছবি ডাকসুতে থাকবে? তাদের ইশতেহারে কি ছিল, তারা ডাকসুর মতো এমন জায়গাতে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রতিষ্ঠিত করবে। বলেছিলেন কি, জিন্নাহকে আপনারা আপনাদের নায়ক বানাবেন? আমরা ’৭১, ভাষা সংগ্রাম ভুলি নাই।’
ডাকসুর ভিপি সাদিক কায়েমের উদ্দেশে তিনি বলেন, ‘সাদিক কায়েম, তুমি কি উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাও?’
আবু তৈয়ব আরও বলেন, ভাষা আন্দোলনের অন্যতম নেতা আবুল কাসেমের নেতৃত্বে ১৯৪৮ সালের ১১ মার্চ হরতাল পালিত হয়েছিল। ওই ঘটনায় অনেক শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছিলেন বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, ‘সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
এদিকে, ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এক বার্তায় তিনি জানান, সোমবার বিকেল ৪টায় ডাকসু ভবনের সামনে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।