বুটেক্সে ভর্তির পরীক্ষা কবে, জানুন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ডিন ও বিভাগীয় প্রধান কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।
.png)
তবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এখনো প্রকাশিত না হওয়ায় এবারের ভর্তি পরীক্ষার যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদনপ্রক্রিয়া এখনো নির্ধারণ করা হয়নি। ফল প্রকাশের পর এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দেশের একমাত্র সরকারি বিশেষায়িত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুটেক্সে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। এসব বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগভিত্তিক আসনসংখ্যা হলো— ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৮০, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ৮০, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ৪০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৪০, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ৪০, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং ৪০, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৪০ এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ৩০টি।