সরকারি সার্টিফিকেট পেল পাঠাও
দেশের বৃহৎ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) পেয়েছে পাঠাও লিমিটেড।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাঠাওয়ের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হুসেইন মো. ইলিয়াস বলেন, বাংলাদেশের বৃহত্তম অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে বিআরটিএর এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা কৃতজ্ঞ। এই সার্টিফিকেট পাঠাও এর সাথে যুক্ত লাখো মানুষের জীবনে পরিবর্তনের আরেকটি পদক্ষেপ। পাঠাওয়ের লাইসেন্সপ্রাপ্তির মধ্য দিয়ে রাইড শেয়ারিং খাতের আইনি কাঠামো পূর্ণতা পেলো। এজন্য আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বিআরটিএ ও পুলিশসহ সবার কাছে কৃতজ্ঞ।
বাংলাদেশের অন্যতম রাইড শেয়ারিং, ই-কমার্স ও ফুড ডেলিভারি সেবা প্রদানকারী ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও। দেশব্যাপী কয়েক হাজার মানুষের জন্য নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি সামগ্রিকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখছে। সরকারের রাইড শেয়ারিং নীতিমালা ২০১৮ অনুমোদিত প্রথম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও।
২০১৬ সাল থেকে রাইড শেয়ারিং সেবা দিয়ে আসছে পাঠাও। বর্তমানে পাঠাওয়ের প্ল্যাটফর্মে লাখের বেশি নিবন্ধিত চালক এবং প্রায় ৬০ লাখ নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে।
.png)