কম দামে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে হেলিও’র নতুন স্মার্টফোন
ফ্ল্যাগশিপ মানের ডিজাইন, উন্নত ডিসপ্লে ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ১১০ এনেছে হেলিও মোবাইল। তুলনামূলক সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ফোনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হেলিও ১১০-এ রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ত্রিমাত্রিক বাঁকানো অ্যামোলেড পর্দা। এর রেজ্যুলেশন ১০৮০×২৪০০, পর্দার নবায়ন হার ১২০ হার্টজ এবং রঙের গভীরতা ১০ বিট। সর্বোচ্চ ১ হাজার নিট উজ্জ্বলতার কারণে বাইরের আলোতেও পর্দার ছবি স্পষ্ট দেখার সুবিধা পাওয়া যাবে। দীর্ঘসময় ব্যবহারের কথা বিবেচনা করে এতে চোখের সুরক্ষায় নতুন প্রযুক্তি, ইন্টিলিজেন্ট আলো নিয়ন্ত্রণ ও ঘুমের ছন্দ সুরক্ষা প্রযুক্তি রয়েছে।
.png)
ফোনটির অন্যতম আকর্ষণ পেছনের ছোট পর্দা। এতে বার্তা, সময়-তারিখ ও ইমোজি দেখার পাশাপাশি শব্দের মাত্রা পরিবর্তনের দৃশ্যমান সংকেত পাওয়া যাবে।
কার্যক্ষমতার জন্য রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট, ৮ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট সংরক্ষণক্ষমতা। অতিরিক্ত র্যাম ব্যবহারের মাধ্যমে র্যাম ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-এ চলবে এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭ হালনাগাদের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ছবি তোলার জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি দ্বৈত দৃশ্য ধারণ, সরাসরি ছবি ও ক্রীড়া ছবি তোলার মতো বিভিন্ন সুবিধা রয়েছে।
৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। ৩৫ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যাবে। এছাড়া রয়েছে এনএফসি, ইনফ্রারেড রিমোট, দ্বৈত স্পিকার, পর্দার ভেতর আঙুলের ছাপ শনাক্তকরণ ও আইপি৬৪ সুরক্ষা।
ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু রঙে ফোনটি পাওয়া যাবে। দাম ২৬ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি সেবা এবং গ্রামীণফোনের বান্ডেল সুবিধা।