দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু আজ
চলতি বছরের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ শুরু হচ্ছে আজ। এ তথ্য জানিয়ে গতকাল বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট ইতোমধ্যে বোর্ডের আটটি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।
.png)
ঢাকা অঞ্চলের প্রতিষ্ঠানগুলো বকশীবাজারে বোর্ডের প্রধান কার্যালয়ের দাখিল শাখা থেকে নম্বরপত্র ও টেবুলেশন শিট সংগ্রহ করতে পারবে। অন্য অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে এসব কাগজপত্র নিতে পারবে।
সময়সূচি অনুযায়ী, ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলোর ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিতরণ করা হবে।
অন্যদিকে, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের আওতাধীন জেলাগুলোর প্রতিষ্ঠানগুলো ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে তিন দিন এসব কাগজপত্র সংগ্রহ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে কাগজপত্র সংগ্রহের নিয়মও উল্লেখ করা হয়েছে। ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট নিতে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে।
ঢাকা অঞ্চলের ক্ষেত্রে মাদ্রাসা প্রধান নিজে অথবা তার মনোনীত প্রতিনিধি তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষরসহ প্রাধিকারপত্র নিয়ে কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।
অন্যান্য আঞ্চলিক কার্যালয় থেকেও কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। মাদ্রাসা প্রধান বা তার মনোনীত প্রতিনিধির আবেদনে প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ না করলে কোনো প্রতিষ্ঠানকে ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট দেওয়া হবে না।