ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার ফের গ্রেপ্তার

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার ফের গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিল ও গুলিবর্ষণের ঘটনায় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুর রহমান ছানোয়ার হোসেনকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ছানোয়ার হোসেনের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানার ১ থেকে ৮ নম্বর আসামির নেতৃত্বে ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্না বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত পান। একই সময়ে তিনি পিঠেও গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ ও সাক্ষ্য অনুযায়ী, ঘটনার সময় ছানোয়ার হোসেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলায় সরাসরি মদদ দিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এর আগে সেপ্টেম্বরের শুরুতেও ভাটারা থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!