ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খাতা মূল্যায়নে দুর্বলতায় ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খাতা মূল্যায়নে দুর্বলতায় ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

উত্তরপত্র মূল্যায়নে যেসব পরীক্ষকের দুর্বলতা রয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এতে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কিছু দুর্বলতার বিষয় সামনে এসেছে। কী ধরনের দুর্বলতা হয়েছে, তা চিহ্নিত করে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যারা উত্তরপত্র মূল্যায়ন করেছেন, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল গত ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। এতে নতুন করে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করে এবং ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। এছাড়া ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয় এবং ৫৬ হাজার ২৫৯ জনের নম্বরে পরিবর্তন আসে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!