ডিজায়ারকে টেক্কা দিতে টাটার নতুন অ্যারিস
ভারতের কমপ্যাক্ট সেডান বাজারে নতুন মডেল ‘অ্যারিস’ এনেছে টাটা মোটরস। গাড়িটির প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৫.২৯ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৭৯ হাজার টাকা। নতুন মডেলটি আগের টাটা টিগরের জায়গা নিয়েছে এবং ডিজাইন ও প্রযুক্তিগত সুবিধায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
মারুতি সুজুকি ডিজায়ার, হুন্দাই অরা ও হোন্ডা অ্যামেজের সঙ্গে প্রতিযোগিতা করবে টাটা অ্যারিস। গাড়িটিতে আধুনিক প্রযুক্তি ও আরামদায়ক বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যার কয়েকটি এ সেগমেন্টে তুলনামূলকভাবে নতুন।
.png)
ভেন্টিলেটেড সামনের সিট
টাটা অ্যারিসের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে সামনের ভেন্টিলেটেড সিট। টপ-স্পেক অ্যাকমপ্লিশড ভ্যারিয়েন্টে এ সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে লেদারেট সিট আপহোলস্টারি। এ সেগমেন্টে ভেন্টিলেটেড সিট দেওয়াকে গাড়িটির অন্যতম বিশেষত্ব হিসেবে তুলে ধরা হয়েছে।
ওয়্যারলেস চার্জিং
সেন্টার কনসোলে রয়েছে ডুয়াল স্মার্টফোন ডেক। এর একটি অংশে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা রাখা হয়েছে। টপ-স্পেক ভ্যারিয়েন্টে থাকা এ সুবিধা মারুতি সুজুকি ডিজায়ারে নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিল্ট-ইন ড্যাশক্যাম
অ্যারিসে রয়েছে বিল্ট-ইন ড্যাশক্যাম রেকর্ডিং সুবিধা। গাড়ির ক্যামেরা সিস্টেম ব্যবহার করে সামনে, পেছন ও দুই পাশের ভিডিও ধারণ করা যায়। ফলে আলাদা ড্যাশক্যাম বসানোর প্রয়োজন হয় না।
৩৬০ ডিগ্রি ক্যামেরা
গাড়িটিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরার পাশাপাশি ব্লাইন্ড-স্পট মনিটরিং সুবিধা রয়েছে। ক্রিয়েটিভ ভ্যারিয়েন্ট থেকে এ সুবিধা পাওয়া যাবে। নিরাপদে পার্কিং ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণে ফিচারটি কাজে আসবে।
বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন
টাটা অ্যারিসে দেওয়া হয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। ক্রিয়েটিভ ভ্যারিয়েন্ট থেকে এ ডিসপ্লে পাওয়া যাবে। একই শ্রেণির মারুতি সুজুকি ডিজায়ারে রয়েছে ৯ ইঞ্চির ডিসপ্লে।
এ ছাড়া গাড়িটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট ও ৬টি এয়ারব্যাগের মতো সুবিধাও রয়েছে। পেট্রোল ও সিএনজি—দুই ধরনের পাওয়ারট্রেনের পাশাপাশি ৫-স্পিড ম্যানুয়াল ও এএমটি গিয়ারবক্সের বিকল্প রাখা হয়েছে।
সব মিলিয়ে নতুন ডিজাইন, প্রযুক্তি ও আরামদায়ক ফিচারের সমন্বয়ে ভারতের কমপ্যাক্ট সেডান বাজারে টাটা অ্যারিসকে প্রতিযোগিতামূলক অবস্থানে রাখার চেষ্টা করেছে টাটা মোটরস।