ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ট্রাইব্যুনালে সালমানের বিদেশি আইনজীবী নিয়ে শুনানি অক্টোবরে

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ট্রাইব্যুনালে সালমানের বিদেশি আইনজীবী নিয়ে শুনানি অক্টোবরে
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Advertisement

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার আবেদনটি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শুনানির সময় চিফ প্রসিকিউটরের উপস্থিতি প্রয়োজন। তিনি বর্তমানে ছুটিতে থাকায় অক্টোবরের শেষ দিকে শুনানির দিন নির্ধারণের অনুরোধ করেন।

সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, আবেদনটি অনেক পুরোনো এবং এ বিষয়ে ট্রাইব্যুনাল আগেও একটি আদেশ দিয়েছেন। তবে মামলার বিচার চলাকালে বিদেশি আইনজীবীর উপস্থিতি প্রয়োজন।

উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল ২৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হল। ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করে বার কাউন্সিল। আবেদনের সঙ্গে নিজের পেশাগত পরিচিতি ও প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেন তিনি।

এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনাল-১-এ আবেদন করেন মুনসুরুল হক চৌধুরী। তার আবেদনে প্রসিকিউশন আপত্তি জানায়।

এ মামলায় সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও আসামি। ট্রাইব্যুনালে এ পর্যন্ত ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ২০২৬ সালের ১২ জানুয়ারি পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর অভিযোগগুলো আমলে নেওয়া হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে উসকানি এবং বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডে প্ররোচনার সঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হকের সংশ্লিষ্টতা ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে বিচার চলছে।

তবে অভিযোগগুলো এখনো আদালতের চূড়ান্ত রায়ে প্রমাণিত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!