ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন শফিকুর রহমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন শফিকুর রহমান
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১ নম্বরের রাড্ডা এলাকার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। বিষয়টি জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

Advertisement

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু. আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মুখোশধারী একদল ব্যক্তি কেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর ডা. শফিকুর রহমান হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি সরেজমিনে দেখবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!