ছেড়ে দিয়েও ‘ভাইকিংস’-এ ফিরে এলেন তন্ময়
দেশের জনপ্রিয় রক ব্যান্ড দল ‘ভাইকিংস’ ছেড়ে দেয়ার ঘোষণা দেন ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য তন্ময় তানসেন। মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান ব্যান্ড দলটি ও তন্ময়। তবে এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর ফের দলে ফিরে এলেন তিনি।
‘ভাইকিংস’ দলটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে তন্ময়ের দলটির সঙ্গে দীর্ঘ ২৩ বছরের পথচলা। হঠাৎ করেই মঙ্গলবার দুপুরে নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের প্রতি মনোযোগী হবেন বলে তন্ময় তানসেন ‘ভাইকিংস’ ছেড়েছেন এমন তথ্য দেয় দলটি। যদিও এই কারণ অস্বীকার করে নিজেদের মনোমালিন্যকে ‘ভাইকিংস’ ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তন্ময় তানসেন।
এরপর বুধবার রাত ২টার কিছু সময় পরে তন্ময় তানসেনের আবার ‘ভাইকিংসে’ ফেরার খবর নিশ্চিত করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ব্যান্ড দলটি।
সেখানে দলটি বলেন, এটি একটি পরিবার, এটি পরিবারই থাকবে। তন্ময় তানসেন ‘ভাইকিংস’-এর ভোকালিস্ট ছিল এবং থাকবে। একটি পরিবারে সবসময় একজন অভিভাবক থাকেন। আমাদের ক্ষেত্রেও দেবদূতের মতো আশরাফ সিয়াম চাচ্চু। তিনি আমাদের জন্য যা করেছেন তা ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। তার প্রতি আমরা চির কৃতজ্ঞ।
১৯৯৭ সালে গঠিত হয় ‘ভাইকিংস’। ১৯৯৯ সালেই ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা ব্যান্ড নির্বাচিত হয়। ২০০০ সালে ‘ভাইকিংস’-এর প্রথম অ্যালবাম ‘জীবনের কোলাহল’ ও ২০০১ সালে ভালোবাসা দিবসের বিশেষ অ্যালবাম ‘ভালোবাসি যারে’ প্রকাশিত হয়। মাঝে বেশ কিছু চলচ্চিত্রের প্লেব্যাক করে শ্রোতাদের মাঝে সাড়া ফেলে দলটি।
মাঝেই কিবোর্ডিস্ট বাবুর অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সে সময় ‘ভাইকিংস’ আড়ালে থাকলেও নাটক ও চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে সরব ছিলেন তন্ময় তানসেন। তারই পরিচালিত ‘রান আউট’ সিনেমার মাধ্যমে ১১ বছর পর আবারো গানে ফিরে ‘ভাইকিংস’।