চলন্ত ট্রাক্টর থেকে লাফ দিয়েও রক্ষা পেল না কিশোর
কিশোরগঞ্জের ভৈরবে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর উল্টে চাপা পড়ে নূর আলম সিকদার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। চলন্ত গাড়িটি উল্টে যাওয়ার সময় প্রাণ বাঁচাতে লাফ দিলেও শেষ রক্ষা হয়নি তার। গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আলম ওই এলাকার আজগর আলী সিকদারের ছেলে। পরিবারের আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টরে হেলপার হিসেবে কাজ শুরু করেছিল সে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চালক কাইয়ুম মিয়ার সঙ্গে কাজে বের হয় নূর আলম। দুপুরে খলাপাড়া এলাকার কয়েকটি বাড়িতে ইট পৌঁছে দিয়ে ফেরার পথে পাকা সড়ক থেকে কাঁচা রাস্তায় নামার সময় মাহিন্দ্র ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় নিজেকে রক্ষার জন্য গাড়ি থেকে লাফ দেয় নূর আলম। কিন্তু দুর্ভাগ্যবশত উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে সে।
পরে চালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবীবা জুঁই বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন নূর আলম নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিচে চাপা পড়েই তার মৃত্যু হয়েছে।
নূর আলমের বাবা আজগর আলী সিকদার ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি বলেন, আমার ছেলে শ্রমিকের কাজ করে পরিবারের হাল ধরেছিল। আমি অসুস্থ থাকায় কাজ করতে পারি না। পুরো পরিবারটি ছেলের ওপরই নির্ভর ছিল। কাঁচা রাস্তায় গাড়ি উল্টে নিচে পড়ে মরে গেছে। অসময়ে আমাদের ছেড়ে চলে গেল!
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে নূর আলম দ্বিতীয়। অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া কিশোরটির আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লুন্দিয়া খলাপাড়া এলাকার কাঁচা রাস্তায় ট্রাক্টরটি উল্টে গেলে নূর আলম লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু উল্টে যাওয়া গাড়িটি তার ওপর পড়ে। চালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।