বাউলসংগীতে অবদানের স্বীকৃতি পেলেন রুমী সরকার
মাটির গান ও বাউলসংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা পেয়েছেন বাউলশিল্পী রুমী সরকার। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশনের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষা, সাংবাদিকতা, গণমাধ্যম, উদ্যোক্তা কার্যক্রম ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন তমা রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দা মাহজাবীন, ইকবাল বাহার জাহিদ, এটিএন বাংলার জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ভাবনা আহমেদ এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট নাসরিন জামান মনি।
আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে দিয়ামনি ই-কমিউনিকেশন। এ ছাড়া কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেও সংগঠনটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা বাউলগান। এ গানে গ্রামীণ জীবন, মানবিকতা, প্রেম-বিরহ ও আধ্যাত্মিক ভাবনার প্রতিফলন ঘটে। মাটির গান ও বাউলসংগীতের চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে রুমী সরকারের এই সম্মাননা লোকজ সংস্কৃতির শিল্পীদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।