ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

মোনালিসা অতীত পেরিয়ে নতুন বছরে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৩, ৬ অক্টোবর ২০২৬
মোনালিসা অতীত পেরিয়ে নতুন বছরে
ছবি: সংগৃহীত

ছোটপর্দা ও মডেলিংয়ে নিয়মিত উপস্থিতি ছিল মোজেজা আশরাফ মোনালিসার। অভিনয় ও মডেলিং—দুই মাধ্যমেই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে দেশের বিনোদন অঙ্গন থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মোনালিসা। সেখান থেকেই এবার জীবনের নতুন আরেকটি বছরকে স্বাগত জানালেন তিনি।

সোমবার মোনালিসার জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে গত এক বছরে জীবনের নানা অভিজ্ঞতা, পাওয়া-না পাওয়া এবং প্রতিকূলতার মধ্যেও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জন্মদিনের অনুভূতি জানিয়ে মোনালিসা লিখেছেন, ‘আজ জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতা আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।’

জীবনের নানা উত্থান-পতনের কথাও স্মরণ করেছেন মোনালিসা। তার ভাষায়, ‘জীবনে উত্থান-পতন সত্ত্বেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।’

নতুন বছরটি সুন্দরভাবে কাটানোর প্রত্যাশাও ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তিনি বলেন, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।’

মোনালিসার ক্যারিয়ারে একসময় ব্যস্ততা ছিল তুঙ্গে। ২০১২ সালে ক্যারিয়ারের সাফল্যের সময়ে নিউ ইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। পরের বছর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে সংসার শুরুর পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তবে মোনালিসার সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় এক বছরের মধ্যেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। এরপর পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। নতুন করে আর সংসার বাঁধেননি এই অভিনেত্রী। বর্তমানে যুক্তরাষ্ট্রেই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন মোনালিসা। জন্মদিনে তার কথায়ও উঠে এসেছে অতীতের নানা অভিজ্ঞতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!