চান্দিনায় ছাদিম উচ্চ বিদ্যালয়ে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়
কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে মানি রিসিট ছাড়াই অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ভর্তি ফরম কিনতে হয় ১৫০ টাকা দিয়ে। ৬ষ্ঠ শ্রেণির ভর্তি ফি ৮০০ টাকা। সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ১ হাজার টাকা করে ভর্তি ফি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। টাকা নেয়ার বিপরীতে স্কুল কর্তৃপক্ষ কাউকে কোনো মানি রিসিট দিচ্ছে না।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ফি ৮০০ টাকা এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ১ হাজার টাকা করে ভর্তি ফি নিচ্ছি। এর মধ্যে স্কাউট ফি বাবৎ ৫০ টাকা, মিলাদ ১০০ টাকা, বিদ্যুৎ ফি ২০ টাকা, খেলাধুলা ৫০ টাকাসহ ১ হাজার টাকা নেয়া হচ্ছে। খন্ডকালীন শিক্ষকদেরকে বেতন দিতে হয়। তাছাড়া আরো অনেক খরচ আছে ।
স্কুলের কার্যকরী কমিটির সভাপতি মো. মজিবুর রহমান এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ বলেন, ইউপি পর্যায়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ৫০০ টাকার বেশি ভর্তি ফি নিতে পারবে না, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ বলেন, ইউনিয়ন পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি ৫০০ টাকার বেশি নিতে পারবে না কোনো স্কুল। যদি কোনো অভিভাবক অভিযোগ করেন তাহলে ওই স্কুলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।