সাকিব বন্দনায় পাকিস্তানের ক্রিকেট পেইজ
ওপরের এই একটা ছবি একসঙ্গে কত কথা বলে! মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করলে ছবিটার মর্মার্থ বেড়ে যাবে বহুগুণ। সেখানে দেখা যাচ্ছে বিশ্বের সেরা সেরা সব অলরাউন্ডাররা সারি বেঁধে বসে আছেন। আর তাদের সামনে বসে আছেন সাকিব আল হাসান। একযোগে সবাই শুনছেন টাইগার অলরাউন্ডারের কথা। এমন একটি ছবি যে কারো মন কেড়ে নেয়। মজার বিষয়, ছবিটি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের ক্রিকেট পেজে!
ছবিটিতে দেখা যায়, কয়েকটি বেঞ্চে সারি বেঁধে বসে আছেন বিশ্বকাপজয়ী তারকা বেন স্টোকস, সাবেক নাম্বার ওয়ান টেস্ট অলরাউন্ডার জেসন হোল্ডার, ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা, বিশ্বসেরা অলরাউন্ডার রশীদ খান, অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম কিংবা আফগান তারকা মোহাম্মদ নবীরা। আর সবার সামনে একটি সিংহাসনে বসে আছেন সাকিব! হাঁটুর ওপর হাত রেখে হাসিমুখে কিছু বলছেন তিনি। আর সেসব কথা মনোযোগী ছাত্রের মতো শুনছেন বিশ্ব ক্রিকেটের দাপুটে সব অলরাউন্ডাররা!
কিছুদিন আগে সাকিব আল হাসানের ওপর দেয়া আইসিসির এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। তার ফেরা নিয়ে মেতেছে সারা বাংলাদেশ। বাদ যায়নি পাকিস্তানও। 'ক্রিকেট পাকিস্তান' নামে একটি পেইজ থেকে উপরে বর্ণনা দেয়া ছবিটি পোস্ট করা হয়েছে যার ক্যাপশনে লেখা আছে 'কিং ইজ ব্যাক'। অর্থাৎ রাজা ফিরেছেন।
ছবিটির মাধ্যমে মূলত বোঝানো হয়েছে রাজা ফিরেছেন তার যোগ্য সিংহাসনে। এতদিন যারা তার অনুপস্থিতিতে ক্রিকেট রাজ্যের অলরাউন্ডিং জোনে ছড়ি ঘুরিয়েছেন, তারা সবাই যেন রাজার আগমনে আবারো তার কর্তৃত্ব মেনে নিয়েছেন।
অবশ্য পেইজটি দেশটির ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ নয়। সেটি মূলত একটি ফ্যানপেইজ। তবে সেখানে একজন বাংলাদেশির এমন আধিপত্য মেনে নেয়াটা সাকিব আল হাসানের জন্যই গর্বের একটা অর্জন বটে!