নতুন চারটি বাস পেলো ঢাকা কলেজ শিক্ষার্থীরা
ঢাকা কলেজের শিক্ষার্থীরা পেলো নতুন চার বাস। শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর আব্দুল কাদির মোল্লার পক্ষ থেকে ঢাকা কলেজকে এই চারটি বাস দেয়া হয়।
রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে লাল ফিতা কেটে বাসগুলোর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার পক্ষ থেকে ঢাকা কলেজকে এ চারটি নতুন বাস উপহার দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মঈনুল হোসেন ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার।
অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা অত্যন্ত খুশি যে শেষ পর্যন্ত নতুন বাস পেলাম। এতে আমাদের পরিবহন ব্যবস্থাপনা আরো সমৃদ্ধ হলো। যদিও চাহিদার তুলনায় বাসের সংখ্যা এখনো কম। তবুও কলেজের পরিবহন পুলে নতুন চারটি বাস যোগ হওয়ায় পরিবহন সংকট অনেকাংশে কমে যাবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আজ বাস্তবে পূরণ হয়েছে। এসব আপনাদের সম্পদ। এ সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণও সবার দায়িত্ব।
এ সময় চারটি নতুন বাস উপহার দেয়ায় মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গত বছরের পাঁচ নভেম্বর ঢাকা কলেজে ‘আপন আলোয়, একক বক্তৃতা’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা লাঘবে চারটি বাস উপহারের ঘোষণা দেন আব্দুল কাদির মোল্লা।