৪৯তম বিসিএসের গেজেটে নেই বুশরা জাহান ঐশী
৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে নাম আসেনি গোপালগঞ্জের বুশরা জাহান ঐশীর। ইংরেজি বিষয়ে তাঁর মেধাক্রম ছিল ১৪তম। তবে গেজেটে তাঁর আগে ১৩তম ও পরে ১৫তম মেধাক্রমে থাকা প্রার্থীদের নাম রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করা হয়। এতে শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলে এবার ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি।
.png)
গেজেট প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা জানান বুশরা। এক পোস্টে তিনি লেখেন, ইংরেজিতে তাঁর মেধাক্রম ১৪তম হলেও গেজেটে ১৩তম ও ১৫তম প্রার্থীর নাম রয়েছে, তাঁর নাম নেই।
আরেক পোস্টে বুশরা দাবি করেন, তিনি বা তাঁর পরিবারের কেউ কোনো সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর স্থায়ী ঠিকানা, কাগজপত্র কিংবা পরিবারের কারও বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও নেই বলে উল্লেখ করেন তিনি। এরপরও কেন তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হলো, তা জানতে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন তিনি।
এদিকে ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ৫৭ জনের নাম কেন বাদ গেছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি চাকরিতে নিয়োগের আগে ভেরিফিকেশন একটি নিয়মিত ধাপ এবং এ প্রক্রিয়ায় কিছু প্রার্থী বাদ পড়তে পারেন। তবে নির্দিষ্ট কোনো প্রার্থীকে বাদ দেওয়ার কারণ সাধারণত প্রকাশ করা হয় না।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। পরবর্তী যাচাই-বাছাই শেষে ৬১১ জনের নিয়োগের গেজেট প্রকাশ করা হয়েছে।