ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গ্যাস সরবরাহ বাড়াতে তিতাসে নতুন কূপ খননের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫, ৪ নভেম্বর ২০২৬
গ্যাস সরবরাহ বাড়াতে তিতাসে নতুন কূপ খননের উদ্যোগ
সংগৃহীত ছবি

দেশের গ্যাস সরবরাহ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৫৯২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। কূপ দুটি থেকে দৈনিক প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

বুধবার (৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপনের কথা রয়েছে।

‘তিতাস গ্যাসফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বিজিএফসিএল। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবিত এ প্রকল্পে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৪৫৪ কোটি টাকা। বাকি ১৩৭ কোটি টাকা সংস্থাটির নিজস্ব তহবিল থেকে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, প্রথম বছরের মধ্যে একটি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা সম্ভব হবে। দেড় বছরের মধ্যে দুটি কূপই উৎপাদনে আসতে পারে।

বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবুল কাসেম খান জানান, কূপ দুটি থেকে দৈনিক প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাসের পাশাপাশি ১৮ ব্যারেল কনডেনসেট পাওয়া যেতে পারে। উত্তোলিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

প্রকল্পের আর্থিক বিশ্লেষণে বলা হয়েছে, ১০ বছরে কূপ দুটি থেকে প্রায় ১০০ দশমিক ৭৪ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ভোক্তা পর্যায়ের মূল্য বিবেচনায় এর সম্ভাব্য দাম প্রায় ৬ হাজার ৫২৩ কোটি টাকা।

প্রকল্পের আওতায় খননকাজে বিদেশি ঠিকাদার এবং দেশি-বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাইপলাইন নির্মাণের মাধ্যমে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

জ্বালানিবিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিমের মতে, নতুন কূপ খনন দেশের গ্যাস সরবরাহ বাড়াতে সহায়ক হবে। তবে শুধু দেশীয় প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে অনুসন্ধান ও খনন কার্যক্রমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেও যুক্ত করা প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!