এলপিজির কৃত্রিম সংকটে কঠোর ব্যবস্থা: জাহেদ
এলপিজি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট ও অবৈধ মজুদের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি, অনিয়ম কিংবা অবৈধভাবে এলপিজি মজুদের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরিমানার কার্যক্রমও জোরদার করা হয়েছে।
ব্রিফিংয়ে তিনি জানান, মূল্যস্ফীতি ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দরিদ্র মানুষের জন্য ভিজিএফের চালের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে একজন উপকারভোগীকে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
এ ছাড়া আগামী ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি এসে পৌঁছেছে বলেও ব্রিফিংয়ে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।