নীতিমালার আওতায় চলবে অটোরিকশা: মন্ত্রী
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমণ্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
ধানমণ্ডি লেকের উন্নয়নকাজের বিষয়ে শেখ রবিউল আলম জানান, লেক খননসহ বিভিন্ন উন্নয়নকাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের উন্নয়নের পাশাপাশি ‘নজরুল মঞ্চ’ নির্মাণ করা হবে। সেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।
মন্ত্রী বলেন, ধানমণ্ডির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই লেকের খনন ও উন্নয়নকাজ করা হচ্ছে।
এদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিক নেতারা। একই সঙ্গে অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার ঘোষণাও দিয়েছেন তারা।
মালিক-শ্রমিকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা পুরোপুরি বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
এর আগে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। পরে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভের একপর্যায়ে কাকরাইল মোড়ে সদরঘাট-গাজীপুর রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিক গোল্ড সিটি নামের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরাও দিগ্বিদিক ছোটাছুটি করেন।
এ সময় আন্দোলন ছেড়ে অটোরিকশা চালিয়ে সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করা কয়েকজন চালককে আন্দোলনকারীরা মারধর করেছেন বলেও অভিযোগ পাওয়া যায়।