ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থের কথা বলবেন প্রধানমন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থের কথা বলবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলোও বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রীর পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

Advertisement

মাহদী আমিন প্রধানমন্ত্রীর এবারের সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে তারেক রহমান বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী এই সফরে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা, জাতীয় স্বার্থ সুরক্ষা, জনগণের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে দেশের অবস্থান বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

মাহদী আমিন বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের অবস্থান, স্বার্থ ও পরিকল্পনা তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান। তার ভাষণের মধ্য দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

সফরের ব্যাপারে মাহদী আমিন বলেন, এবারের সফরটি ছয় দিনের। এর মধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফেরার জন্য দুই দিন এবং নিউইয়র্কে চার কর্মদিবস থাকছে। এই সময়ে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি এবং কূটনৈতিক আয়োজনে অংশ নেবেন।

তিনি বলেন, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বৈশ্বিক বৈষম্য এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়েও প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে।

মাহদী আমিন আরও জানান, এবারের সফরে আনুষ্ঠানিকভাবে ৩৫ সদস্যের প্রতিনিধি দল রয়েছে। এর বাইরে নিরাপত্তা, গণমাধ্যম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তারাও রয়েছেন। সফরকে কাজকেন্দ্রিক রাখতেই প্রতিনিধি দল তুলনামূলক ছোট রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এই প্রতিনিধি দলের মূল লক্ষ্য হলো বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, সাধারণ মানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা।

মাহদী আমিন জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ওয়েলকাম ব্রেকফাস্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টায় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

মাহদী আমিন বলেন, সফরকালে প্রধানমন্ত্রীর বিভিন্ন বৈঠক ও কর্মসূচির সারসংক্ষেপ নিয়মিত গণমাধ্যমকে জানানো হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামানসহ প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!