লেখক-সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন
লেখক ও সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেন।
ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান ও দিলারা হাশেমের এক সময়য়ের সহকর্মী রোকেয়া হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
দিলারা হাশেম বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি ১৯৩৬ সালের ২১ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার প্রথম উপন্যাস ‘ঘর মন জানালা’ ১৯৬৫ সালে প্রকাশিত হয় এবং ১৯৭৩ সালে চলচ্চিত্রে রূপায়িত হয়। ১৯৭৬ সাল থেকে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে কাজ করে ২০১১ সালে অবসর নেন।
আরো পড়ুন>>> বনানীতে সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন
দিলারা হাশেমের রচিত উন্যাসগুলোর মধ্যে রয়েছে- একদা এবং অনন্ত, স্তব্ধতার কানে কানে, আমলকীর মৌ, বাদামী বিকেলের গল্প, কাকতালীয়, মুরাল, শঙ্খ করাত, অনুক্ত পদাবলী, সদর অন্দর, সেতু, মুক্তিযুদ্ধের উপন্যাসগুলো।
তার গল্পগ্রন্থগুলো হচ্ছে- হলদে পাখির কান্না, সিন্ধু পারের কান্না, নায়ক। তার একমাত্র কাব্যগ্রন্থের নাম ফেরারি।
সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন দিলার হাশেম।