ড. ইউনূসকে হেনস্তা,রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের নিন্দা
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন 'রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম' (আরওপি)।
শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ও সাবেক সিনিয়র সচিব খ. ম. কবিরুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরকালে বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা একজন অশীতিপর প্রবীণ ও জ্যেষ্ঠ নাগরিকের পথ আটকে কতিপয় ব্যক্তির অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ আচরণ চরম ধৃষ্টতাপূর্ণ ও একেবারেই অনাকাঙ্ক্ষিত। মতপ্রকাশের স্বাধীনতা সবার গণতান্ত্রিক অধিকার হলেও কোনো সম্মানিত ব্যক্তির সঙ্গে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় ড. ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী চরম রাজনৈতিক ক্রান্তিকালে দেশকে সঠিক পথে ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস অসামান্য অবদান রেখেছেন। পরবর্তীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিময় প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করে তিনি এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জাতিকে সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান আরওপি নেতারা। একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মানহানির উদ্দেশ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কূটনৈতিক প্রক্রিয়ায় অনতিবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি তাগিদ দেন তারা।