ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইড়, যত দামে বিক্রি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে কেটে খুচরা বিক্রি করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকায়।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া মাছটি কিনে নেন।
সন্ধ্যায় চিলমারী উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। বিশাল আকৃতির বাঘাইড়টি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এসব মাছের বাজারে ভালো চাহিদা রয়েছে।
আরেক মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগাম অর্ডার দিয়ে এ ধরনের মাছ কেনেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, ব্রহ্মপুত্র নদে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার খবর তিনি শুনেছেন। তবে দেশীয় বড় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মৎস্য বিভাগের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।