ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

উন্নয়নকাজে কোনো কমিশন বাণিজ্য সহ্য করা হবে না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯, ১৭ অক্টোবর ২০২৬
উন্নয়নকাজে কোনো কমিশন বাণিজ্য সহ্য করা হবে না : আইনমন্ত্রী
সংগৃহীত ছবি

উন্নয়নমূলক কর্মকাণ্ডে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি প্রকল্প কিংবা উন্নয়নকাজে কোনো ধরনের কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না। সরকারি বরাদ্দ জনগণের কষ্টার্জিত করের অর্থ, তাই এর শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘ঢাকাস্থ শৈলকূপা উপজেলার ৩নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থা’র বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রশাসনিক ব্যবস্থা ও সরকারি কাজে স্বচ্ছতা আনয়ন এবং অনিয়মের পথ বন্ধ করতে নানামুখী আধুনিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে বিতর্কিত প্রথা ভেঙে সম্পূর্ণ লটারি পদ্ধতি চালু করা হয়েছে। বদলি প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা ও দীর্ঘদিনের নেতিবাচক ধারণা দূর করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প ও রাস্তাঘাট নির্মাণ সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকি করার দায়িত্ব স্থানীয় জনগণেরও। কোথাও নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে তাৎক্ষণিক লিখিত অভিযোগ জানাতে আহ্বান জানান তিনি।

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে মো. আসাদুজ্জামান জানান, ঝিনাইদহের শৈলকূপায় মাদকের বিরুদ্ধে 'শূন্য সহনশীলতা' নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধীর কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মাদক বা অন্য কোনো অপরাধে জড়িতদের ছাড় দিতে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা, ঘরবাড়িতে হামলা, লুটপাট ও হেনস্তা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি শৈলকূপার ৩৯৫টি সড়ককে এলজিইডির তালিকাভুক্তির আওতায় এনে যোগাযোগ ব্যবস্থার সুসংহত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

ঢাকাস্থ ৩নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক সচিব খন্দকার শহিদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সুত্র ঃ বাসস 

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!