ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম। আজ শনিবার (১৭ অক্টোবর) তিনি সলিসিটর দপ্তর ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।
সংক্রান্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে ইতোমধ্যে সলিসিটর দপ্তরে পাঠানো হয়েছে। শিউলি খানমের এই পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একাধিক ঊর্ধ্বতন আইন কর্মকর্তার সরে দাঁড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এলো।
এর আগে গত ২১ সেপ্টেম্বর আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। একই মাসে অর্থাৎ ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। এছাড়া গত ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলসহ মোট পাঁচজন আইন কর্মকর্তা।
পাশাপাশি রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগপত্র জমা দেন। এরও আগে গত জুন মাসে সরকারের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছিলেন।