ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৭, নিখোঁজ ৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৭, নিখোঁজ ৫
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার অভিযান শুরু হয়।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ১৭ জন পর্যটক ছিলেন। তাদের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পর্যটকদের মধ্যে পাঁচজন নিখোঁজ রয়েছেন। অন্যদের অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে।

অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

এদিকে, আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!