[ দেশজুড়ে ]
নিয়োগ পরীক্ষায় প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৪৩ নম্বর পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পরীক্ষা চলাকালে গোপনে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন রেশমা আক্তার। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা এক পরিদর্শক তাকে হাতেনাতে আটক করেন।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশের পর রেশমা আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!