ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৩, ১২ নভেম্বর ২০২৬
কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নিহত দুই পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের হামলায় তারা নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্রও খোয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা পোস্ট থেকে তল্লাশিদল তাদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ৪০ বছর বয়সী রাশপাল কুমার ও ৫৪ বছর বয়সী বাবি চাঁদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই কর্মকর্তা। পথে তারা নিখোঁজ হন। পরে তাদের সন্ধানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দুই কর্মকর্তা সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহলের দায়িত্বে ছিলেন। তাদের একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনাস্থলে তাদের ব্যবহৃত আইএনএসএএস ও .৩০৩ রাইফেল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর হামলাকারীরা অস্ত্র দুটি নিয়ে পালিয়ে গেছে।

নিখোঁজ হওয়ার পর প্রথম দিকে তাদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিনের বেলাতেও ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল। কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ওই এলাকায় যৌথ অভিযান জোরদার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!