ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
বায়ুদূষণের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে দূষণের মাত্রা বাড়ছে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ষষ্ঠ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন লাহোরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৪৪। এই মাত্রার বায়ুদূষণকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক ২৮৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। তৃতীয় স্থানে থাকা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের স্কোর ১৬৯। ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। পঞ্চম স্থানে থাকা চীনের বেইজিংয়ের স্কোর ১৬৬।
অন্যদিকে, ১৫৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এ ছাড়া, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।