ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭, ৬ অক্টোবর ২০২৬
সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠকে অংশ নেওয়া তিন দেশের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথিদের হামলা ও হুমকি মোকাবিলায় সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির কঠোর নিন্দা জানায় তিন দেশ। বিশেষ করে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার চেষ্টারও নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি এখন বাস্তবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে চুক্তিতে নির্ধারিত সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা সৌদি আরবে দ্রুত মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মোতায়েনের পর তুরস্ক ও পাকিস্তানের সেনারা কী ধরনের দায়িত্ব পালন করবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের কথা বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে। সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখলে অভিযান চালিয়েছে। এর মধ্যে হুথিরাও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় এবারই প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে আগস্টের বৈঠকে তিন দেশ জোটের সহযোগিতা প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ নেয় এবং সৌদি আরবে জোটের সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!