কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ২২
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কঙ্গো নদীতে দুটি নৌকার ভয়াবহ সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভোরে পশ্চিম ইকুয়েটর প্রদেশের লুকোলেলা অঞ্চলের নগোম্বে শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে বহু যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন ম্পুটু।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় যাত্রীবাহী নৌকাটিতে ১৬৩ জন ছিলেন। এখন পর্যন্ত নদী থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে। এছাড়া ৫৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অনেক নিহতকে স্বজনরা উদ্ধার করে অন্যত্র দাফন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানী কিনশাসা থেকে মবান্দাকা যাওয়ার পথে একটি বাণিজ্যিক নৌকার সঙ্গে মঙ্গালা প্রদেশ থেকে কিনশাসাগামী যাত্রীবাহী নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী নৌকাটি নদীতে ডুবে যায়।
ডুবে যাওয়া নৌকাটি নদীর প্রায় ১২ মিটার গভীরে রয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়।
কঙ্গোর নদীতীরবর্তী এলাকাগুলোতে যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। তবে নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তাবিধি না মানা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে দেশটিতে প্রায়ই ভয়াবহ নৌদুর্ঘটনা ঘটে।