মাঝ আকাশে হামলা, ১৭৪ প্রাণ বাঁচালেন পাইলট
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাঝ আকাশে সহকর্মী পাইলটের হামলা প্রতিহত করে ১৭৪ যাত্রী ও ক্রুর প্রাণ রক্ষায় সাহসিকতার জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তাকে ‘সত্যিকারের নায়ক’ আখ্যা দিয়ে বিশেষ সম্মান জানান তিনি।
নেতানিয়াহু বলেন, ককপিটে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও ক্যাপ্টেন মাচ্ছার যেভাবে হামলাকারীকে প্রতিহত করেছেন, তা অসাধারণ। জীবন-মরণ পরিস্থিতিতে তার সাহস ও দ্রুত সিদ্ধান্তের কারণেই একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
.png)
ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষ্য, ক্যাপ্টেন মাচ্ছারের বীরত্বপূর্ণ ভূমিকার কারণে বিমানে থাকা ইসরায়েলি নাগরিকসহ ১৭৪ যাত্রী ও ক্রুকে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করা গেছে। আহত পাইলটের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তিনি বলেন, তার সাহসিকতার জন্য পুরো জাতি কৃতজ্ঞ।
ঘটনাটি ঘটে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে। অভিযোগ অনুযায়ী, ককপিটে থাকা অপর পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করলে দুজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মাচ্ছারকে ছুরিকাঘাত করা হলেও তিনি হামলাকারীকে পরাস্ত করেন এবং ককপিটের দরজা খুলে দেওয়ার সুযোগ তৈরি করেন।
পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীন ক্যাপ্টেন মাচ্ছারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।