ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২০২২টি ডুব দিয়ে বর্ষবরণ করলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০১, ১ জানুয়ারি ২০২২
২০২২টি ডুব দিয়ে বর্ষবরণ করলেন তিনি
ছবি: সংগৃহীত

নতুন বছর সাল ২০২২। তাই নতুন বছরকে বরণ করতে হিমশীতল পানিতে টানা ৪৫ মিনিট ধরে ২০২২টি ডুব দিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়াবিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত। নতুন বছরের প্রথম দিন এমনিতেই প্রচণ্ড শীত পড়েছে বাঁকুড়ায়। ঠিক এমন সময় অবাক কাণ্ড ঘটিয়ে সকলকে চমকে দিলেন বিষ্ণুপুরের সদানন্দ।

শনিবার নববর্ষকে স্বাগত জানাতে বিষ্ণুপুরের লালবাঁধের ঠান্ডা পানিতে পরপর ২০২২টি ডুব দিয়েছেন তিনি। সদানন্দের এই অভিনব কায়দায় বর্ষবরণ উপভোগ করলেন বিষ্ণুপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাও।

সদানন্দ বলেন, বছর পাঁচেক আগে আমার মাথায় আসে জলে ডুব দিয়ে বিশ্বরেকর্ড করার। কিন্তু কত সংখ্যক ডুব দিলে তা সম্ভব, সেটি জানা ছিল না। তাই স্থির করলাম বছরের সংখ্যার ধরেই ডুব দেব। সেই থেকে প্রতি বছর ডুব দিয়ে আসছি।

আরো পড়ুন: ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেলো ১৫০০ কোটি টাকা 

তিনি আরো বলেন, আমি জানি না কত সংখ্যক ডুব দিলে বিশ্বরেকর্ড করা যায়। জানি না সেই বিশ্ব রেকর্ডের তকমা পেতে গেলে কীভাবে আবেদন করতে হয়। তবে আমি যত দিন বাঁচব, তত দিন আমি এভাবেই বর্ষবরণ করে যাব। বিষ্ণুপুর শহরের মানুষ এবং পর্যটকরা এটা দেখতে প্রত্যেক বছর আসেন। আমাকে উৎসাহ দেন। এটাই আমার প্রেরণা।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে আকাশ থেকে বৃষ্টির মত ঝরল মাছ!

বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জের বাসিন্দা সদানন্দের সঙ্গে লালবাঁধের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। সদানন্দর সাঁতারে দক্ষতা দেখে তাকে বিষ্ণুপুর পৌরসভা নিজস্ব সুইমিং পুলে অস্থায়ী প্রশিক্ষক হিসাবে নিয়োগ করে। কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কায় বছর দেড়েক আগে সুইমিং পুল বন্ধ হয়ে যায়। তার জেরে কর্মহীন হয়ে পড়েন সদানন্দ। কাজ হারালেও লালবাঁধের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়নি তার। হাড় কাঁপানো শীত বা প্রখর গ্রীষ্মে এখনও নিয়মিত লালবাঁধে হাজির হয়ে সাঁতারের নানা কৌশল তিনি অনুশীলন করেন। 

সূত্র : আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!