ভাইরাল গানের অস্থিরতায় একটু দম নিচ্ছিলাম: তৌসিফ
‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘আমারে ছাড়িয়া’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’ এমন সব গানের শিল্পী তৌসিফ আহমেদ। তবে ‘বৃষ্টি ঝরে যায়’ গানটির মাধ্যমে নিজেকে সবার কাছে বেশি করে চিনিয়েছেন তিনি। তারপর বিভিন্ন দিবসে অ্যালবামও প্রকাশ পেয়েছে। কিন্তু কোনো গানই ‘বৃষ্টি ঝরে যায়’ গানটির জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি।
২০২০ সালে তার গাওয়া ‘চোখে মেঘ জমেছে’ গানের ভিডিও প্রকাশিত হয়। দুই বছরের মাথায় ‘ভালোবাসো কিনা’ শিরোনামে নতুন আরেকটি গান নিয়ে হাজির হচ্ছেন তৌসিফ। সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রকাশিত হবে বলে জানালেন শিল্পী।
অনেকদিন গান থেকে দূরে থাকার কারণ সম্পর্কে তৌসিয় জানান, ভাইরাল গানের অস্থিরতায় নিজে একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ ছিল। এ ছাড়া এই সময়টা আমার পরিবারকে সময় দিয়েছি। ভেবেছি কোন গান দিয়ে ফিরে আসা যায়? তারপর তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে এই গান হয়ে গেলো।
এই শিল্পী বলেন, শ্রোতাদের সঙ্গে দেখা হচ্ছে ঈদে ‘ভালোবাসো কিনা’ গানের মাধ্যমে। আমার গান যারা পছন্দ করেন তাদের জন্য এটি আমার ঈদের উপহার বলতে পারেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গানটির টিজার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। মিউজিক ভিডিও আকারে ঈদ উপলক্ষে প্রকাশ হবে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।