হেয়ার স্টাইল থেকে শরীর গঠন, চরিত্রানুযায়ী লুক তৈরিতে ব্যস্ত শুভ
ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়ক আরিফিন শুভ। ঢালিউডের মি. পারফেকশনিস্ট বলা হয় তাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। এই ছবির জন্য ১২ কেজি ওজন কমিয়ে নিজের শরীরকে নতুন করে গড়েছিলেন এই অভিনেতা। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর তার নতুন লুক প্রশংসিত হয় সিনেমাপ্রেমী দর্শকদের কাছে।
ফের চমক দেয়ার অপেক্ষায় রয়েছেন এই নায়ক। এবার অভিনয় করতে যাচ্ছেন ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ। ছয় পর্বের থ্রিলারধর্মী সিরিজটিতে শুভকে পাওয়া যাবে একেবারেই নতুন একটি চরিত্রে।
শুভ বলেন, চরিত্রানুযায়ী লুক তৈরির জন্য দুই মাস ধরে পরিশ্রম করতে হবে তাকে। কেবল তার লুক পরিবর্তনের জন্যই সিরিজটির শুটিং সেপ্টেম্বর থেকে সরিয়ে নভেম্বরে নেয়া হয়েছে।
.png)
শুভ আরো বলেন, বরাবরই চেয়েছি দর্শক পর্দায় আমাকে নতুনভাবে দেখুক। ‘মিশন এক্সট্রিম,’-এ আমাকে দেখা যাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে দুর্ধর্ষ সব অপরাধীকে তাড়া করতে। আর নতুন এ সিরিজটিতে হাজির হতে হবে সম্পূর্ণ ভিন্ন লুকে। হেয়ার স্টাইল থেকে শুরু করে শরীরের গঠনে সবই বদলাতে হবে। এরই মধ্যে একজন ট্রেনারের সাহায্য নিতেও শুরু করেছি।
জানা গেছে, ‘কন্ট্রাক্ট’ পরিচালনা করবেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। শুভ ছাড়াও সিরিজে আরো অভিনয় করবেন তাহসান, মম ও সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।