আমার কোনো বাগদান হয়নি: শিরতাজ জেবিন
নাটকপাড়ায় কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে বাগদান সেরেছেন ছোটপর্দার অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন। দেশের কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয় সেই সংবাদ। তবে বিষয়টি নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাগদানের খবরটি সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে জেবিন জানান, সম্প্রতি তার কোনো বাগদান হয়নি। তার দাবি, কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই তাকে নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
জেবিন লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।’
.png)
বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে তিনি বাবার চিকিৎসার জন্য গেছেন বলে জানিয়েছেন। এমন পরিস্থিতিতে তার ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করায় বিব্রত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
জেবিন বলেন, বর্তমানে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের দিকে। তাই বাবার চিকিৎসার মতো সংবেদনশীল একটি সময়ের মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশকে তিনি অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন।
গণমাধ্যমের দায়িত্বের কথাও নিজের পোস্টে তুলে ধরেছেন জেবিন। তার ভাষ্য, কোনো শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। বিশেষ করে প্রতিষ্ঠিত গণমাধ্যমের কাছ থেকে তিনি এমন দায়িত্বশীলতাই প্রত্যাশা করেন।
একই সঙ্গে প্রকাশিত ভুল তথ্য যাচাই করে সংশোধনের অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। ভবিষ্যতে তার কোনো ব্যক্তিগত কিংবা সংবেদনশীল বিষয় প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
শুধু গণমাধ্যম নয়, ভক্ত-অনুরাগীদের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেবিন। কোনো সংবাদ দেখেই সেটিকে সত্য ধরে না নিয়ে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি বিভ্রান্তিকর সংবাদ শেয়ার না করার অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, ভুল কোনো তথ্য একজন ব্যক্তির পাশাপাশি তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও অপ্রয়োজনীয় প্রভাব ফেলতে পারে। তার মতে, সংবাদ হওয়া উচিত তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়।
তবে বিয়ের প্রসঙ্গে জেবিনের বক্তব্য একেবারে নতুন নয়। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। তখন বলেছিলেন, ‘এখন সিরিয়াসভাবে বিয়ের কথা ভাবছি। খুব শিগগির পারিবারিকভাবে বিয়ে করব।’ যদিও সে সময়ও সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি এই অভিনেত্রী।