বিশ্বকাপের পর খ্যাতিই কাল হলো ভোজিনিয়ার
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে যান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে হঠাৎ পাওয়া এই বিশ্বজোড়া খ্যাতি তাঁর ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এনেছে। এমনকি আগের শান্ত জীবন ফিরে পেতে এই জনপ্রিয়তা ছেড়ে দিতেও প্রস্তুত তিনি।
বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় স্তরের ক্লাব শাভেসে অনেকটা নিরিবিলি জীবন কাটাচ্ছিলেন ৪০ বছর বয়সী ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে কেপ ভার্দের প্রথম ম্যাচে তিনি সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
.png)
এরপরই বদলে যায় পরিস্থিতি। ব্রাজিলের সম্প্রচারমাধ্যম কাজেটিভি তাঁর পারফরম্যান্স নিয়ে সরাসরি সম্প্রচার করে। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৫৬ হাজার থেকে বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যায়।
‘দ্য অবজারভার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভোজিনিয়া বলেন, এই জনপ্রিয়তার কারণে তিনি আগের মতো ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারছেন না।
তিনি বলেন, নিজের শান্তি ও স্বস্তি হারিয়ে ফেলেছেন। বাইরে বের হলে, রেস্তোরাঁয় গেলে নিয়মিত মানুষ ছবি তুলতে বা অটোগ্রাফ নিতে এগিয়ে আসছেন। কেউ কেউ আবার অনুমতি ছাড়াই তাঁর ভিডিও করছেন। তাঁর জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এখানেই।
বিশ্বকাপ চলাকালে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বেড়ে যাওয়ার ঘটনাটিও তাঁর কাছে ছিল অবিশ্বাস্য। ড্রেসিংরুমে এক কর্মী এসে তাঁকে জানান, তাঁর নাকি এক বিলিয়ন অনুসারী হয়েছে। প্রথমে বিষয়টি মজা হিসেবে নিলেও পরে মিক্সড জোনে সাক্ষাৎকার দেওয়ার সময় কাজেটিভির এক সাংবাদিক তাঁকে নিজের ফোনে অনুসারীর সংখ্যা দেখান। তখন তিনি জানতে পারেন, তাঁর ইনস্টাগ্রাম অনুসারী ১০ লাখ ছাড়িয়ে গেছে।
হঠাৎ পাওয়া জনপ্রিয়তার চাপ সামলাতে ফেডারেশন তাঁর সাবেক এজেন্টকে ডেকে আনে। নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নেন ভোজিনিয়া। ইনস্টাগ্রামের নোটিফিকেশন বন্ধ করে দেন, যাতে বারবার অনুসারী বা নতুন বার্তা দেখার প্রতি মনোযোগ না যায় এবং ফুটবলে মন দিতে পারেন।
জনপ্রিয়তার সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক প্রস্তাবও আসতে থাকে। তবে এসব প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। বিশ্বকাপ চলাকালে ইউএফএল মোবাইলের একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন। ভবিষ্যতে তামাক, মদ বা বেটিং-সংশ্লিষ্ট কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চান না বলে জানিয়েছেন এই গোলরক্ষক।
খ্যাতির ভালো-মন্দ দুই দিক নিয়েই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ভোজিনিয়া বলেন, অনেকেই জনপ্রিয় হতে চান, কিন্তু খ্যাতির সঙ্গে আসা বাস্তবতার কঠিন দিকগুলো সবাই দেখেন না। তাঁকে যদি আগের জীবন ও বর্তমান জীবনের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তাহলে তিনি আগের শান্ত জীবনকেই বেছে নেবেন।
বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর ভোজিনিয়ার ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন। তিনি চিলির শীর্ষ ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা এখন ২ কোটি ৮৪ লাখ।
কেপ ভার্দের হয়ে ৯৪ ম্যাচ খেলা এই গোলরক্ষক এখনো জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। আফ্রিকা কাপ অব নেশনস ২০২৭-এর বাছাইপর্বে মালির বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। বিশ্বজোড়া পরিচিতির পাশাপাশি মাঠের পারফরম্যান্স ধরে রাখাই এখন তাঁর সামনে বড় চ্যালেঞ্জ।