ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চরফ্যাশনে গরু ব্যবসায়ী হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশনে গরু ব্যবসায়ী হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চরফ্যাশনে হত্যা মামলায় গ্রেপ্তার সাইদুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

‎ভোলার চরফ্যাশন উপজেলায় গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম জমাদার ও তার স্ত্রী সালমা বেগমকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

সোমবার দুপুরে সাইদুল ইসলামকে আদালতে পাঠানো হলেও তার স্ত্রী সালমা বেগম অসুস্থ্য হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এরআগে ‎রোববার সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ‎
‎
‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে সালমা বেগম মোবাইল ফোনে আবুল বাশারকে তার বাড়িতে যেতে বলেন। স্থানীয় বাবুর হাট বাজারে থাকা বাশার সালমার ফোন পেয়ে তার বাড়িতে যান। পরে শরবতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাওয়ানোর পর হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পুকুরে খুঁটি গেড়ে মরদেহ ডুবিয়ে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলা ও পেট কাটা অবস্থায় বাশারের মরদেহ উদ্ধার করেন। ‎এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর রাতে দক্ষিণ আইচা থানায় মামলা করেন।
‎
‎নিহতের ছোট ভাই ইব্রাহিম অভিযোগ করে বলেন, সালমা ও তার স্বামী সাইদুল অত্যন্ত দুর্বৃত্তপরায়ণ ও দুষ্টু প্রকৃতির। জুয়েল নামে এক ব্যক্তির কাছে লগ্নি বাবদ পাওনা টাকা আদায়ের জন্য তাদের একটি মামলা চলছিল। ওই মামলায় জুয়েলকে ঘায়েল করতে না পেরে তার বিরুদ্ধে পুনরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় সাক্ষী হিসেবে বাশারের নাম রাখা হয়েছিল। কিন্তু বাশার মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করায় গত ২৬ সেপ্টেম্বর সকালে তাকে বাড়িতে ডেকে নিয়ে স্বামী-স্ত্রী মিলে হত্যা করেন বলে তিনি অভিযোগ করেন।
‎
দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি সাইদুল ইসলাম জমাদারকে আদালতে পাঠানো হয়েছে। তবে তার স্ত্রী সালমা বেগম শারীরিকভাবে অসুস্থ্য হওয়ায় তিনি পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!