এখনই উহান ত্যাগ করছেন না মিস্টার বিন
রহস্যময় করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এ ভাইরাসটিকে শনাক্ত করা হয়। যেখানে মৃত্যু মিছিল বেড়েই চলেছে প্রতিদিন। জানা গেছে, সেখানেই অবস্থান করছেন বিশ্বজুড়ে জনপ্রিয় কমেডি চরিত্র ‘মিস্টার বিন’ খ্যাত নিগেল ডিক্সন।
সংবাদ সংস্থা দ্য সানের তথ্যানুযায়ী, রোয়ান অ্যাটকিনসনের এই বিখ্যাত চরিত্রকে অনুকরণ করে জনপ্রিয়তা পেয়েছেন কমেডিয়ান নিগেল ডিক্সন। করোনাভাইরাসে আক্রান্ত চীনের হুবেই শহরে আগে থেকেই অবস্থান করছিলেন ডিক্সন। কিন্তু নিজের দেশের সুরক্ষার্থে এখনই বাড়ি ফিরতে চান না এই ব্রিটিশ নাগরিক। বরং হুবেই থেকেই সচেতনতামূলক কমেডি তৈরি করে প্রশংসিত হচ্ছেন তিনি।

.png)
তিনি বলেন, নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস ছড়িয়ে দিতে চান না। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি না জেনেই নিজের দেশে ফিরে গিয়ে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি। আর তাই অবস্থান করছেন সেখানেই।
এরইমধ্যে উহানে থেকেই করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন করার কাজে নেমেছেন তিনি। করোনাভাইরাস নিয়ে 'মিস্টার পিয়া' নামে সচেতনতামূলক হাস্যরসাত্মক সিরিজ বের করেছেন। সেগুলো চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
'মিস্টার পিয়া' নামে সচেতনতামূলক হাস্যরসাত্মক সিরিজে, কিভাবে নিজে পরিচ্ছন্ন থাকতে হবে, কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে অন্যদের থেকে নিরাপদ থাকা এবং অন্যদেরও নিরাপদ রাখা যায় সেসব বিষয় নিয়ে কমেডি করছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনেই এক হাজার ১১৪ জনেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন৪৪ হাজারের বেশি মানুষ। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাস ঠেকাতে এরইমধ্যে বিভিন্ন দেশ চীনের সঙ্গে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দিয়েছে। নিজেদের দেশের নাগরিক সরিয়ে নিয়েছে অনেক দেশই।
উল্লেখ্য, ৩০ বছর বয়স থেকেই নিগেল ডিক্সন (৫৩) মিস্টার বিন চরিত্রে অভিনয় করে আসছেন। তিন বছর আগে চীনে কমেডি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন তিনি। আবারো করোনাভাইরাস নিয়ে সচেতন করার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এর আগে ২ জানুয়ারি তিনি উহানে যান। কয়েকদিন পরেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। তবে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে তিনি আর ফিরে যাননি। তাকে ফিরে যাওয়ার প্রস্তাবও দেয়া হয়েছে। কিন্তু তিনি যাননি।