ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে ‘জাগুক তারুণ্য, বাঁচুক পরিবেশ’ শীর্ষক সেমিনার

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ১৮ জুন ২০২৩
চবিতে ‘জাগুক তারুণ্য, বাঁচুক পরিবেশ’ শীর্ষক সেমিনার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটির (ডিসিইউ) উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘জাগুক তারুণ্য, বাঁচুক পরিবেশ’ শীর্ষক সেমিনার ও পরিবেশ মেলা। 

রোববার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

এদিন সকাল ৯টায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। পরে অনুষদ মিলনায়তনে আয়োজিত হয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব, পরিবেশ বিষয়ক সেমিনার, পরিবেশ অলিম্পিয়াড এবং পরিবেশ মেলা।

Advertisement

এদিন পরিবেশ বিষয়ক সেমিনারে চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল মুখ্য আলোচক হিসেবে বিজ্ঞানভিত্তিক আলোচনা তুলে ধরেন। তিনি বলেন, আজ চারদিকে প্লাস্টিকের পাহাড়। মফস্বলের নদী খাল, নালা প্লাস্টিকে ভর্তি হচ্ছে। দেশে প্লাস্টিকের একক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। দিনে দেশে ৩ হাজার টন প্লাস্টিকের বর্জ্য তৈরি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিকের ব্যবহারকে অনুৎসাহিত করা হচ্ছে। ভারত, ভিয়েতনাম, জাপানের মতো দেশে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্লাস্টিক ব্যবহার হ্রাস করা হচ্ছে। তাই আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখা।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, প্লাস্টিক বর্তমানে পারমাণবিক বোমার চেয়েও ধ্বংসাত্মক। প্লাস্টিককে কিভাবে ডিকম্পোজড করা যায় সেটা নিয়ে বিজ্ঞানীদের কাজ করতে হবে। আর পরিবেশ নিয়ে আমাদের সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, চবি নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক নাসিম ফারহানা শিরীণ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জনি রোজারিও। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া মাহ্জেবীন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!