২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারিগরি শিক্ষা বোর্ডের চূড়ান্ত শোকজ
টানা তিন বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় ২৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এক চূড়ান্ত তাগিদপত্র জারি করা হয়েছে।
তাগিদপত্রে উল্লেখ করা হয়, পাঠদান অনুমোদনের শর্ত অনুযায়ী পর পর তিন বছর শিক্ষার্থী ভর্তি না করলে কিংবা অবকাঠামো, শিক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জামসহ নির্ধারিত শর্তাবলি পূরণে ব্যর্থ হলে অনুমোদিত শিক্ষাক্রম বাতিলের বিধান রয়েছে। এর আগে দুই দফায় নোটিশ দেওয়া হলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান কারণ দর্শানোর কোনো ব্যাখ্যা দেয়নি।
শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়েছে, যেসব প্রতিষ্ঠান এখনো কোনো ব্যাখ্যা প্রদান করেনি, তাদেরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে হবে। অন্যথায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিতসহ চূড়ান্তভাবে পাঠদান অনুমোদন বাতিল করা হবে।