ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শিক্ষকদের হয়রানিমূলক বদলি ও মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৫, ২০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের হয়রানিমূলক বদলি ও মামলা প্রত্যাহারের দাবি
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে নতুন ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে—নবম জাতীয় বেতন স্কেলের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, ৮ ও ১৪ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডসহ প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এবং শিক্ষক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মামলা ও হয়রানিমূলক বদলি বাতিল করা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর সারা দেশে শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করবেন এবং জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি পেশ করবেন। পরবর্তী সময়ে ১৭ ডিসেম্বর বিভাগীয় কমিশনারদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা রয়েছে তাদের। এসব কর্মসূচির পরও দাবি পূরণ না হলে শাহবাগ বা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষকেরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!