একাদশে তৃতীয় ধাপে আবেদনের সুযোগ, ভর্তি ২-৩ নভেম্বর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে এবার তৃতীয় ধাপের আবেদনের সুযোগ করা হয়েছে। যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা করেও কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি, মনোনয়ন পেলেও নিশ্চায়ন করতে পারেনি বা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি অথবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদন করতে পারবে।
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের তৃতীয় ধাপ শুরু হবে আগামী ২৬ অক্টোবর। আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।
পরবর্তী ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। এরপর ২ ও ৩ নভেম্বর ভর্তি কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে আবেদন করেও কলেজ নির্বাচন না পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে আবেদন ফি ২২০ টাকা জমা দিতে হবে।