ঝালকাঠিতে ইয়াসের উদ্যোগে ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা
“তরুণদের ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন, শুদ্ধ উচ্চারণে কথা বলা এবং প্রমিত বাংলা লিখনশৈলীর চর্চা বাড়ানো”র লক্ষ্যে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা-২০২৬ শীর্ষক ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের প্রথম অধিবেশনে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান। তিনি শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, সাবলীল কথন ও উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কথা বলার ক্ষেত্রে উচ্চারণের শুদ্ধতা, শব্দের যথাযথ প্রয়োগ এবং উপস্থাপনার কৌশল সম্পর্কে তিনি অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, দৈনিক বাংলা পত্রিকা ও নিউজবাংলার প্রতিনিধি দিবস তালুকদার ও সাংবাদিক আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াসের সহসভাপতি মো. শাকিল হাওলাদার রনি। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি।
এ ছাড়া মাসিক কিশোর ম্যাগাজিন ‘ইস্কুল’-এর প্রতিনিধি রায়হান আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়াস ব্লাড ব্যাংকের আহ্বায়ক ইমাম মাহাদি আকাশ। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কবিতা আবৃত্তি ও সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল প্রশিক্ষণ পর্ব শুরু হয়।
বিরতির পর দ্বিতীয় অধিবেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন গবেষক ও সাংবাদিক ইসমাঈল মুসাফির। এ পর্বে তিনি প্রমিত বাংলা বানান, বাক্যগঠন এবং ভাষার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের লিখনশৈলী ও ভাষাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের নানা বিষয়ে ধারণা লাভ করেন এবং ব্যবহারিক চর্চার সুযোগ পান। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত কুইজের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের মতামত গ্রহণ ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ সময় প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে তরুণদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কর্মমুখী যোগ্যতা অর্জনে সহায়ক এ ধরনের আরও প্রশিক্ষণ ও দক্ষতাভিত্তিক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। তাঁরা মনে করেন, নিয়মিত এমন উদ্যোগ তরুণদের ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) তরুণদের মধ্যে শুদ্ধ ভাষাচর্চা, সাবলীলভাবে বক্তব্য উপস্থাপন এবং প্রমিত বাংলা লেখার দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে। অনুষ্ঠানটির ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল মাসিক কিশোর ম্যাগাজিন ‘ইস্কুল’ এবং ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘ঝহধঢ়গড়ঃরড়হ ক্স নু গজ’।