ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

শেয়ারবাজার আস্থাশীল-গতিশীল হয়েছে: ডিএসই চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:০৯, ২৯ ডিসেম্বর ২০২০
শেয়ারবাজার আস্থাশীল-গতিশীল হয়েছে: ডিএসই চেয়ারম্যান
ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভা

অনেক উত্থান পতনের পর শেয়ারবাজার আজ আস্থাশীল ও গতিশীল বাজারে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

সোমবার রাতে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডিএসই’র ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা জানান। 

ডিএসই’র চেয়ারম্যান বলেন, অনেক উত্থান পতনের পর শেয়ারবাজার আজ আস্থাশীল ও গতিশীল বাজারে পরিণত হয়েছে। এ গতিশীলতার পেছনে বর্তমান সরকারের শেয়ারবাজার বিষয়ক নীতি সহায়তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ইতিবাচক ভূমিকা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুদূরপ্রসারী পরিকল্পনা, স্টক এক্সচেঞ্জের নিরলস প্রচেষ্টা, বাজার সংশ্লিষ্ট সব পক্ষের একাগ্রতা ও নিষ্ঠা এবং বিনিয়োগকারীদের ধৈর্য ও প্রজ্ঞা রয়েছে। ফলে ডিএসইর লেনদেন এক হাজার পাঁচশ কোটি টাকা অতিক্রম করেছে।

তিনি আরো বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র ও পরিবেশ বিনিয়োগ বান্ধব। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বাড়বে।

করোনাভাইরাস পরিস্থিতিতে দুই মাস বন্ধ থাকায় শেয়ারবাজার সামগ্রিক চিত্র পাল্টে যায় উল্লেখ করে তিনি বলেন, আমরা বিনিয়োগকারীদের স্বার্থে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করি। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও পরিচালনা পর্ষদ ডিএসইর আয়ের খাতগুলোতে বৈচিত্র্য আনতে বহুবিধ উদ্যোগ নিয়েছি। তবে আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষ বিনিয়োগকারী গড়ে তোলার পাশাপাশি স্মার্ট, ত্রুটিহীন ট্রেডিং প্ল্যাটফর্ম দেয়ার মাধ্যমে এর ভাবমূর্তি বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা।

ডিএসইর চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে তাল মিলিয়ে ডিএসইর লেনদেন ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের ওপর ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বাজারের গতিকে ধরে রাখতে পণ্যের বৈচিত্র্য আনতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, এসএমই, ফিক্সড ইনকাম সিকিউরিটিস (ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল) কর্পোরেট বন্ড নিয়ে ডিএসই কাজ করছে। এরই মধ্যে উন্নত বিশ্বের স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে ডিএসই প্রি-পেনিং ও পোস্ট ক্লোজিং সেশনও চালু করেছে।

ইউনুসুর রহমান বলেন, ডিএসই থেকে পাঁচটি ট্রেক (TREC- Trading Right Entitlement Certificate) হোল্ডার কোম্পানিকে এপিআই ইউএটি সংযোগ দেয়া হয়েছে৷ এতে অচিরেই এসব কোম্পানি নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর মাধ্যমে সরাসরি ট্রেডিং কার্যক্রম চালু করতে পারবে। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সব ট্রেক হোল্ডার কোম্পানিকে এ সুযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে৷ এছাড়াও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) নামে একটি কোম্পানি গঠিত ও নিবন্ধিত হওয়ায় এর পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে এবং পর্ষদের অধীনে কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমও এরই মধ্যে শুরু হয়েছে।

তিনি আরো বলেন, সরকার একটি গতিশীল শেয়ারবাজার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে উন্নয়নমূলক পদক্ষেপের মধ্য দিয়ে উদ্যোগী বিনিয়োগকারীরা ট্রেডিং ফ্লোরে সক্রিয় থাকার কারণে ডিএসই চমৎকার লেনদেন পর্ব উপভোগ করছে। এছাড়াও নিম্ন সুদের হার, ক্রমবর্ধমান রফতানি ও রেমিট্যান্স এবং তুলনামূলক অর্থনৈতিক সক্রিয়তার ফলে ডিএসই প্রাণবন্ত হয়ে উঠেছে।

এজিএমে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচনা ও সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়। সমাপ্ত অর্থবছর পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়। 

সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. সিদ্দিকুর রহমানকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. শহীদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন, শ্যামল ইকুইটি ম্যানেজমেন্টে’র ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম, এন.এল.আই সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরান, মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরীন, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী, প্রুডেনশিয়াল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদুল হক, বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল এবং গ্রিনল্যান্ড ইকুইটিজের ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান, ডিএসইর পরিচালক মো. রকিবুর রহমান এবং নবনির্বাচিত পরিচালক মো. সিদ্দিকুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!