ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ১৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নোয়াখালীতে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল্লাহ আল ফারুক। ছবি-ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মাদকাসক্ত এক ব্যক্তিকে দিয়ে সংবাদ সম্মেলন করানোর অভিযোগ এনে তিনি ওই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ডাক্তার হাটের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল ফারুক এসব অভিযোগ করেন।

তিনি অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহসভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। এরআগে ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল ফারুক দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন।

তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর রাজনৈতিক জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে গুপ্ত-সুপ্তের মাধ্যমে প্রতিপক্ষ একটি কুচক্রী মহল মাদক আসক্ত রুবেলকে দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে। ওই  কুচক্রী মহল বালু-মাটি উত্তোলন, মাছের প্রজেক্ট দখল, সালিশ-বাণিজ্য, মাদক ব্যবসা ও চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

আবদুল্লাহ আল ফারুক আরও জানান, এসব অপপ্রচারের প্রতিবাদে গত ২১ অক্টোবর নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। 

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, তাঁর বড় ভাই মজনুর মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণ করতে গেলে রুবেল নামের এক ব্যক্তি বাধা দেন। এ ঘটনায় ২০২৪ সালের ৫ মে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হয়। পরে চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জায়গাটি পরিমাপ করে সীমানা পিলার স্থাপন এবং নকশা ও প্রতিবেদন তৈরি করেন। বিষয়টি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ দলের জ্যেষ্ঠ নেতাদেরও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

গত শুক্রবার (১৩ নভেম্বর) তাঁর বিরুদ্ধে  মাদক আসক্ত রুবেলের মাধ্যমে করা সংবাদ সম্মেলনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আবদুল্লাহ আল ফারুক। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

তবে অভিযুক্ত মো. সাদ্দাম হোসেন রুবেল বলেন- বিষয়টি রাজনৈতিক অপপ্রচার নয়। দলের প্রভাব বিস্তার করে পৈতৃক সম্পত্তি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করায় আবদুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে।

 
ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!