ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

ডিসেম্বর ঘিরে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি বিএনপির

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ১৪ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি বিএনপির
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর মাসে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে—এমন আশঙ্কায় মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলা করতে চায় দলটি। এ লক্ষ্যে ডিসেম্বরজুড়ে সভা-সমাবেশ, শোভাযাত্রা ও পাড়া-মহল্লাভিত্তিক বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই এসব কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

শুধু দলীয় নেতাকর্মী নয়, যুগপৎ আন্দোলনের শরিকদেরও মাঠে সক্রিয় করার প্রস্তুতি রয়েছে বিএনপির। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্প্রতি জাতীয় সংসদে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একটি সূত্র জানিয়েছে, দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নাশকতা ঠেকাতে প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেওয়া হতে পারে। তবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা মোকাবিলায় দলটি রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে।

প্রশাসন থাকবে কঠোর অবস্থানে, মাঠে সক্রিয় বিএনপি

বিএনপির একাধিক সূত্রের দাবি, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো তৎপরতা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। ইতোমধ্যে পাড়া-মহল্লায় নাশকতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করছে বিএনপি। প্রয়োজনে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলা করবে দলটি।

গত ১২ নভেম্বর রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করা হলে জনগণ তা প্রতিরোধ করবে।

তিনি আরও বলেন, জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। যে উদ্যোগের পেছনে জনসমর্থন থাকে না, তা টিকে থাকতে পারে না।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

ওই সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে ঐক্য?

নাম প্রকাশ না করার শর্তে সরকার ও বিরোধী দলের একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতাদের ধারণা, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন না। বরং এ ঘোষণার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে সক্রিয়তা বাড়ানো এবং দলীয় নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করছে। তবে বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিতে চায় না বিএনপি।

এ পরিস্থিতিতে নাশকতা মোকাবিলায় প্রয়োজনে অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে দলটির।

বুধবার (১০ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনে ৩০ বিধিতে দেওয়া বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আওয়ামী লীগবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি বলেন, সরকার যদি ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দমনে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল বসে থাকবে না। তারা নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নেবে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও জরুরি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।

বিরোধী দলগুলোর সহযোগিতা চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের বলতে হবে কেন? তারাও তো জুলাইয়ের শক্তি। অপশক্তি মোকাবিলায় তাদেরও তো দায়িত্ব রয়েছে।’

ডিসেম্বরজুড়ে যেসব কর্মসূচির পরিকল্পনা

বিএনপির এক সাংগঠনিক সম্পাদক জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত ৯ নভেম্বর নয়াপল্টনে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন রুহুল কবির রিজভী।

বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে আলোচনা সভা, পাড়া-মহল্লায় কর্মসূচি, শোভাযাত্রা ও সমাবেশ থাকতে পারে।

ওই সাংগঠনিক সম্পাদক জানান, কর্মসূচির বিষয়ে শিগগিরই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!