‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’র সভাপতি পরিচয় দেওয়া আইনজীবী আটক
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’র সভাপতি পরিচয় দিয়ে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। তার অবস্থান জানতে পেরে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন ওই আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অ্যাডভোকেট এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। একসময় তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে নিজেকে ওই সংগঠনের সভাপতি হিসেবে পরিচয় দেন। তার এমন বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।